সড়ক-মহাসড়কে যানজটমুক্ত পরিবেশ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে দেশের জনগণকে একটি ঝামেলামুক্ত ঈদ উপহার দেওয়ায় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
\r\nরবিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদ্যুৎ ও জ্বালানি, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে অংশ নিয়ে তিনি এ ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে।
\r\nবৈঠকে অধ্যাপক ইউনূস বলেন, “এই ঈদুল ফিতর উপলক্ষে এখন পর্যন্ত সবদিক থেকে শুধু ইতিবাচক প্রতিক্রিয়াই শুনছি। সবাই খুবই প্রশংসা করছে যে কীভাবে সুসংগঠিতভাবে সবকিছু পরিচালিত হয়েছে।”
\r\nতিনি আরও বলেন, “এখন একটি কার্যকর ব্যবস্থা তৈরি হয়েছে, যা সারা বছর ধরে বজায় রাখা উচিত।”
\r\nবৈঠকে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, তিন মন্ত্রণালয় একটি সমন্বিত ইউনিট হিসেবে কাজ করেছে। তিনি সায়েদাবাদ বাস টার্মিনালের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং যাত্রাবিরতির ব্যবস্থা তুলে ধরেন। পরিবেশ মন্ত্রণালয়ের সহযোগিতায় টার্মিনালের অব্যবস্থাপনা দূর করা হয় বলেও জানান তিনি।
\r\nতিনি বলেন, “ঈদের ছুটিতে কোনো কর্মকর্তা নিজ শহরে যাননি। সবাই মাঠে থেকে দায়িত্ব পালন করেছেন।”
\r\nউপদেষ্টা আশা প্রকাশ করেন, আগামী ঈদুল আজহাতেও বিদ্যুৎ বিভ্রাট ও যানজটের সমস্যা থাকবে না। ঈদের যাত্রা হবে আরও মসৃণ ও স্বস্তিদায়ক।
\r\nসভায় আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ, জ্বালানি ও খনিজ সম্পদ সচিব মুহাম্মদ সাইফুল ইসলাম, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।






